Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:23 pm
অন্যান্য

জামালপুর আশেক মাহমুদ কলেজে রিডার্স ক্লাবের পাঠচক্র

জামালপুর আশেক মাহমুদ কলেজে রিডার্স ক্লাবের পাঠচক্র

স্টাফ রিপোর্টার||

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের রিডার্স ক্লাবের নিয়মিত পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বুধবার (৫ নভেম্বর) দুপুরে কলেজের গ্রন্থাগারে আয়োজিত এ পাঠচক্রে সভাপতিত্ব করেন রিডার্স ক্লাবের মুখ্য সমন্বয়ক জনাব রবিউল আলম লুইপা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন লেখকের গল্প, উপন্যাস, ভ্রমণ, কবিতা ও নাটকের বই পড়তে হবে। শুধু পড়লেই হবে না, বইয়ের মূল বক্তব্যগুলো ধারণ করতে হবে। জ্ঞান অর্জনের পাশাপাশি বই পড়া মানসিক আনন্দ ও নির্মল বিনোদন দেয়। এই পাঠাভ্যাস শিক্ষার্থীদের ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজ শিক্ষক সংসদের সম্পাদক জনাব মো. রেজাউল করিম, প্রফেসর মো. আব্দুল হাকিম এবং রিডার্স ক্লাবের মডারেটর জনাব মো. রবিউল ইসলাম।

রিডার্স ক্লাবের মুখ্য সমন্বয়ক রবিউল আলম লুইপা বলেন, “১৮ আগস্ট কলেজে ব্যতিক্রমী এ ক্লাবটির যাত্রা শুরু হয়। শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে রেখে বই পড়ার অভ্যাস গড়ে তোলাই রিডার্স ক্লাবের মূল লক্ষ্য।”

তিনি জানান, বর্তমানে ক্লাবটির সদস্য সংখ্যা দেড় শতাধিক এবং বইয়ের সংখ্যা চার শতাধিক হলেও পাঠকদের চাহিদা অনুযায়ী বইয়ের সংকট রয়েছে।

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ ব্যক্তিগত উদ্যোগে বই প্রদানের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী কামরুল ইসলাম, আবদে মাঈন রাফি, জান্নাতুল ফেরদৌস জ্যোতি ও মারিয়া জাহান রিতা বিভিন্ন বইয়ের ওপর রিভিউ উপস্থাপন করেন। শেষে ৬০ জন শিক্ষার্থীকে বই প্রদান করা হয়, যা তারা পড়ে পরবর্তী পাঠচক্রে রিভিউ প্রদান করবে এবং নতুন বই গ্রহণ করবে।

Advertisement