Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:09 pm
অন্যান্য

নরুন্দি রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি ও দ্বিতীয় প্ল্যাটফর্ম নির্মাণের দাবিতে বিক্ষোভ

নরুন্দি রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি ও দ্বিতীয় প্ল্যাটফর্ম নির্মাণের দাবিতে বিক্ষোভ

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের নরুন্দি রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ও দ্বিতীয় প্ল্যাটফর্ম নির্মাণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

Advertisement

মঙ্গলবার দুপুর ১২টা ১৫ মিনিটে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস নরুন্দি স্টেশনে পৌঁছালে এলাকাবাসী ট্রেনটি থামিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রায় এক ঘণ্টা ১৫ মিনিট পর দুপুর ১টা ৩০ মিনিটে তারা ট্রেনটি ছেড়ে দেন।

মানববন্ধনে নরুন্দি ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি ইউসুফ আলী, ইউনিয়ন বিএনপি সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক সুফিয়ান কবির শিপন, সহসভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মসিউর রহমান মাসুম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সামনুরী ইমামসহ অনেকে বক্তব্য দেন।

বক্তারা বলেন, জামালপুর সদর উপজেলার নরুন্দি, বাশচড়া, ঘোড়াধাপ, ইটাইল ও তুলশীরচর—এই পাঁচটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ নরুন্দি রেলস্টেশনের ওপর নির্ভরশীল। সড়কপথে যাতায়াতে নানামুখী দুর্ভোগ পোহাতে হয়। তাই সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি পুনরায় চালু ও দ্রুত দ্বিতীয় প্ল্যাটফর্ম নির্মাণ এখন সময়ের দাবি।

নরুন্দি ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি ইউসুফ আলী বলেন, “এই দাবি শুধু কয়েকজনের নয়, প্রায় এক লাখ ৪০ হাজার মানুষের। রেলপথই আমাদের প্রধান যোগাযোগ মাধ্যম, অথচ আমরা অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক সুবিধা থেকে বঞ্চিত।”

নরুন্দি রেলওয়ে স্টেশন কর্মকর্তা মো. মাহমুদুল হক জানান, যাত্রাবিরতির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ করেছেন। এ সময় তিস্তা এক্সপ্রেস প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। পরে আন্দোলনকারীরা ট্রেন চলাচল স্বাভাবিক করেন। বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।

এ সময় বক্তারা হুশিয়ারি দেন আগামী ১৫ নভেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে নামবেন তারা।

Advertisement