মাদারগঞ্জ প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামায়াতে ইসলামী স্থানীয় নেতৃবৃন্দ মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। এসময় তারা হিন্দু ধর্মাবলম্বী পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশ বহু ধর্ম-বর্ণ ও সংস্কৃতির মানুষের মিলনভূমি। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের গৌরবের ঐতিহ্য।
জামায়াত নেতারা আরও উল্লেখ করেন, ইসলাম ধর্ম মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শেখায়। তাই ভিন্ন ধর্মের অনুসারীদের উৎসব আনন্দে অংশ নিয়ে সামাজিক সম্প্রীতি অটুট রাখাই মানবিক দায়িত্ব।
এসময় স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জামায়াতের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সব রাজনৈতিক দলের অংশগ্রহণ প্রয়োজন। জামায়াতের এ ধরনের উদ্যোগ আমাদের উৎসাহ যোগায়।”
পরিদর্শনে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিন, সেক্রেটারি মাওলানা ফরহাদ হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ সাদিউর রহমান, পৌর জামায়াতের আমির আতিকুর রহমান সেলিম, পৌর সেক্রেটারি শরিফুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ জামালী, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি রমজান আলী, পৌর ছাত্র শিবিরের সভাপতি আরিফুল ইসলাম সহ আরো অনেকে।
পরিদর্শন শেষে জামায়াতের নেতৃবৃন্দ পূজা মণ্ডপের নিরাপত্তা, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেন।




