Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:32 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর মাটিচাপা শিশুর লাশ উদ্ধার

মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর মাটিচাপা শিশুর লাশ উদ্ধার

জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর মরিয়ম বুশরা (৭) নামে এক শিশুর লাশ প্রতিবেশীর বসতঘরের মেঝে খুঁড়ে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জামিনুর ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আরও দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সিধুলী ইউনিয়নের চরলোটাবর এলাকায় জামিনুর ইসলামের বসতঘরের মেঝে খুঁড়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

নিহত মরিয়ম বুশরা ওই এলাকার বাহাদুর মন্ডলের মেয়ে এবং সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যালয়ে যায় মরিয়ম। সকাল সাড়ে ১০টার দিকে তার মা ববিতা বেগম বিদ্যালয়ে গিয়ে মেয়েকে না পেয়ে শিক্ষকদের কাছে খোঁজ নেন। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ওই দিন মাদারগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। শিশুটির সন্ধানে এলাকায় মাইকিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাও চালানো হয়।

শনিবার রাতে স্থানীয়দের মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারেন, প্রতিবেশী জামিনুর ইসলামের বসতঘরের মেঝেতে একটি শিশুর মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে মরিয়মের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় মরিয়মের বাবা বাহাদুর মন্ডল বাদী হয়ে জামিনুর ইসলাম, তার স্ত্রী সবুজা বেগমসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে মাদারগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেছেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যা করে মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছিল। ঘটনার কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। গ্রেপ্তার জামিনুর ইসলামকে রোববার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement