জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের দুইদিন পর জহুরুল ইসলাম (৫০) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার মাথাভাঙা মোড়ের প্রায় ৫০০ মিটার পশ্চিমে সড়কের পাশের একটি ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জহুরুল ইসলাম উপজেলার গুনারীতলা ইউনিয়নের বাকুরচর এলাকার মৃত তোফাজ্জলের ছেলে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা ও মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলার ঘুঘুমারী এলাকা থেকে যাত্রী নিয়ে অটোরিকশা চালিয়ে বালিজুড়ী বাজারের দিকে যাচ্ছিলেন জহুরুল। পথে আমলীতলা এলাকায় অটোরিকশাটি রেখে তিনি নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন অটোরিকশাটিতে মরিচের গুঁড়া দেখতে পান। বিষয়টি পুলিশকে জানালে অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ ঘটনায় মঙ্গলবার রাতে জহুরুলের পরিবারের পক্ষ থেকে মাদারগঞ্জ মডেল থানায় নিখোঁজের অভিযোগ করা হয়। নিখোঁজের দুইদিন পর বৃহস্পতিবার সড়কের পাশের ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হলো।
মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, স্থানীয়দের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

