Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:35 pm
বকশীগঞ্জ

মাদক-বাল্যবিবাহের বিরুদ্ধে শিক্ষার্থীদের সোচ্চার হওয়ার আহ্বান ইউএনওর

মাদক-বাল্যবিবাহের বিরুদ্ধে শিক্ষার্থীদের সোচ্চার হওয়ার আহ্বান ইউএনওর

‘মাদকের বিরুদ্ধে প্রত্যেক শিক্ষার্থীকে সোচ্চার হতে হবে’—এমন আহ্বান জানিয়েছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। তিনি বলেছেন, মাদক যুব সমাজকে ধ্বংস করে, পরিবারকে বিপর্যস্ত করে এবং সমাজকে কলুষিত করে। তাই মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় শিক্ষার্থীসহ সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কেবি মডেল সেসিপি উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতা ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisement

ইউএনও মুরাদ হোসেন বলেন, মাদকের কারণে অনেক পরিবার সামাজিকভাবে অপদস্থ হওয়ার পাশাপাশি নানা সংকটের মুখোমুখি হচ্ছে। মাদকের বিস্তার রোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না; শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সমাজের প্রতিটি মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, ১৮ বছরের আগে কোনো কন্যাশিশুর বিয়ে দেওয়া যাবে না। বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। বাল্যবিবাহ একটি মেয়ের শিক্ষা ও ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করে। তাই বাল্যবিবাহের বিরুদ্ধে শিক্ষার্থীদের নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও আশপাশের মানুষকেও সচেতন করতে হবে।

সভায় ইউএনও মুরাদ হোসেন শিক্ষার্থীদের মাঝে মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহের কুফল ও এর সামাজিক ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন। একই সঙ্গে মাদক ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে শিক্ষার্থীদের দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান।

এ সময় কেবি মডেল সেসিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এইচ কবির, সহকারী প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন, সহকারী শিক্ষক (আইসিটি) শাহ আলম কিরণ, সহকারী শিক্ষক (গণিত) মো. মোখলেছুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Advertisement