Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:36 pm
বকশীগঞ্জ

জামালপুরে ‘গারো হিলস্ রানার্স কমিউনিটি’তে প্রতিদিনই বাড়ছে নতুন সদস্য

জামালপুরে ‘গারো হিলস্ রানার্স কমিউনিটি’তে প্রতিদিনই বাড়ছে নতুন সদস্য

সুস্থ শরীর ও সুন্দর জীবনের প্রত্যয়ে জামালপুরে জনপ্রিয় হয়ে উঠছে ‘গারো হিলস্ রানার্স কমিউনিটি’। শারীরিক সুস্থতা, নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে কাজ করা এ সংগঠনে প্রতিদিনই যুক্ত হচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার নতুন নতুন মানুষ।

ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মেসবাহ উল হক তুহিনের নেতৃত্বে প্রতিদিন ভোর ৬টায় সংগঠনের সদস্যরা নির্দিষ্ট স্থানে একত্রিত হন। সেখানে নিয়মিত হাঁটাহাঁটি, শরীরচর্চা ও দৌড়ের পাশাপাশি অভিজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে মিনি ম্যারাথনের আয়োজন করা হয়।

Advertisement

শুধু শরীরচর্চাই নয়, সুস্থ ও সুন্দর জীবনযাপনের নানা দিক নিয়েও সদস্যদের উৎসাহিত করা হচ্ছে। নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মাধ্যমে মানুষকে রোগমুক্ত ও কর্মক্ষম রাখার লক্ষ্যেই সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ‘গারো হিলস্ রানার্স কমিউনিটি’ ব্যাপক সাড়া ফেলেছে। সংগঠনের নিয়মিত কার্যক্রম ও সুস্থ জীবনযাপনের বার্তা দেখে প্রতিদিনই বিভিন্ন পেশার মানুষ এতে যুক্ত হচ্ছেন। ফলে দিন দিন আরও বড় হচ্ছে এ রানার্স কমিউনিটির সদস্যসংখ্যা।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ডা. হাবিবুর রহমান বলেন, “সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত শরীরচর্চার কোনো বিকল্প নেই। একজন মানুষকে সুস্থভাবে বেঁচে থাকতে হলে প্রতিদিন ব্যায়াম করার পাশাপাশি ভেজালমুক্ত ও পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে।”

আয়োজকরা মনে করছেন, নিয়মিত শরীরচর্চার এই উদ্যোগ তরুণ প্রজন্মসহ সব বয়সী মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Advertisement