জামালপুরের দেওয়ানগঞ্জে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে নুর আলম (৪০) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নুর আলম চর আমখাওয়া ইউনিয়নের পাটাধোয়া পাড়া গ্রামের হেকমত মণ্ডলের ছেলে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই রাতে চর আমখাওয়া ইউনিয়নের পাটাধোয়া পাড়া গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে নিজ বাড়িতে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে নুর আলমের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী শনিবার (১৫ আগস্ট) বিকেলে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করেন। মামলা দায়েরের পরপরই সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা অভিযান চালিয়ে সানন্দবাড়ী বাজার থেকে নুর আলমকে আটক করেন।
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। পরে রোববার দুপুরে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত নুর আলমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

