Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:32 pm
বকশীগঞ্জ

বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় ভারত থেকে আসা একটি বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত জয়নাল আবেদীন উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের মির্ধাপাড়া গ্রামের মৃত রমিজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) সকালে পাহাড়ে লাকড়ি সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন জয়নাল আবেদীন। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। রাতভর খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি।
শনিবার (২৭ জুন) সকালে স্বজনরা পুনরায় খোঁজাখুঁজি শুরু করলে ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের সোমনাথ পাড়া এলাকার একটি জঙ্গল থেকে তার থেঁতলানো মরদেহ উদ্ধার করেন। স্থানীয়দের ধারণা, রাতে বন্য হাতির আক্রমণেই তার মৃত্যু হয়েছে।
ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল জানান, ভারত থেকে সীমান্তের কাঁটাতারের বেড়া অতিক্রম করে আসা বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় প্রায়ই বন্য হাতির বিচরণ দেখা যায়। তাই ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
Advertisement