সাজ্জাদ হোসাইন শাহীন||
জামালপুরের ইসলামপুরে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে রাজু ওরফে মুন্নি (২৫) নামের এক হিজড়া বিষপানে আত্মহত্যা করেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ইসলামপুর থানাধীন চিনাচর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাঠে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করে।
পরে সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রাজু ওরফে মুন্নি ইসলামপুর উপজেলার কুমিরদহ গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভিকটিম রাজুর সাথে একই এলাকার মো. মমিন (২৫) নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার মমিন অন্যত্র বিয়ে করলে বিষয়টি জানতে পেরে রাজু মানসিকভাবে ভেঙে পড়ে এবং বিষপান করে আত্মহত্যার পথ বেছে নেয়।
এ বিষয়ে ইসলামপুর থানা পুলিশ জানায়, ভিকটিমের মা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




