Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:30 pm
জামালপুর

বকশীগঞ্জে ব্রাইট স্কুল চালুর দাবিতে মানববন্ধন

বকশীগঞ্জে ব্রাইট স্কুল চালুর দাবিতে মানববন্ধন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের বকশীগঞ্জের বাট্টাজোড় জিন্নাহ বাজার এলাকায় ব্রাইট স্কুলের পাঠদান কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

Advertisement

রোববার (২৪ আগস্ট) সকাল ১১টায় অনুষ্ঠিত এই মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অভিভাবকসহ পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাতে নানা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে দাঁড়িয়ে স্কুলের কার্যক্রম দ্রুত চালুর দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রাইট স্কুলের পরিচালক ইসমাইল সিরাজী, সাবেক ইউপি সদস্য আবদুর রহিম, অভিভাবক আবুল কালাম আজাদ, অভিভাবক কামরুন্নাহার শিলা এবং শিক্ষার্থী মরিয়ম আক্তার।

বক্তারা অভিযোগ করে বলেন, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত করতেই ব্রাইট স্কুলের কার্যক্রম বন্ধ করা হয়েছে। বর্তমানে পাঁচ শতাধিক শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চয়তার মধ্যে ঝুলে আছে। উপজেলা প্রশাসন হঠকারীভাবে স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

তারা আরও বলেন, “যে নিয়মে ব্রাইট স্কুলের পাঠদান কার্যক্রম বন্ধ করা হয়েছে, সেই নিয়মে হলে এলাকার সব কটি কিন্ডার গার্টেন স্কুলও বন্ধ করতে হবে। কিন্তু তা করা হয়নি। ফলে বোঝা যায়, ব্রাইট স্কুলকে লক্ষ্য করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

মানববন্ধনে বক্তারা উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে বলেন, “অভিভাবক ও শিক্ষার্থীদের স্বার্থে ইউএনও কর্তৃক বন্ধ করা পাঠদান কার্যক্রম দ্রুত পুনরায় চালু করতে হবে। নাহলে শিক্ষার্থীরা চরম শিক্ষাবঞ্চনার শিকার হবে।”

উল্লেখ্য, এর আগে গত ১৩ আগস্ট বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা একটি লিখিত নির্দেশনার মাধ্যমে জিন্নাহ বাজারে অবস্থিত ব্রাইট স্কুলের পাঠদান কার্যক্রম সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন। এরপর থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কার্যত ক্লাসে যেতে পারছেন না, ফলে শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

এ ঘটনায় স্থানীয় এলাকায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। তারা দ্রুত সমাধানের আশায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Advertisement