এহসানুল মাহবুব, দেওয়ানগঞ্জ প্রতিনিধি ||
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার এক অসহায় গরু বিক্রেতা প্রায় তিন মাস আগে ১ লাখ ২৫ হাজার টাকায় গরু বিক্রি করলেও পুরো টাকা বুঝে পাননি। এক সপ্তাহ পর দালালরা তাকে দেয় মাত্র ৫০ হাজার টাকা। এরপর বাকি ৭০ হাজার টাকার জন্য তিনি ঘুরেছেন মাসের পর মাস। কিন্তু প্রতারণাকারী চক্রের কাছে তিনি ছিলেন অসহায়।
সবশেষে নিরুপায় হয়ে তিনি আশ্রয় নেন আইনের। অভিযোগ জানালে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তে নেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান। তিনি দালালদের চিহ্নিত করে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন এবং ব্যক্তিগত তত্ত্বাবধানে ভুক্তভোগীর বাকি ৭০ হাজার টাকা উদ্ধার করেন। এই ঘটনায় ওই গরু বিক্রেতা ফিরে পান তার ন্যায্য পাওনা।
ভুক্তভোগী বলেন,”তিন মাস ধরে টাকা ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। ওসি স্যারের সহযোগিতায় আমি আমার টাকা ফিরে পেয়েছি। আল্লাহ যেন উনাকে ভালো রাখেন।”
এ ঘটনায় স্থানীয় জনসাধারণও সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকা প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়িয়ে তোলে।
জামালপুর জেলার দেওয়ানগঞ্জে পুলিশের এই কার্যকর পদক্ষেপ আবারও প্রমাণ করেছে—“পুলিশই জনতার বন্ধু” শুধু একটি স্লোগান নয়, বাস্তবতাও।




