কবীর আহমেদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি||
জামালপুরে সরিষাবাড়ীতে সাব-রেজিস্ট্রার অফিসে দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা গ্রহীতাদের হয়রানি এবং ঘুষ দাবিসহ বিভিন্ন দুর্নীতির তথ্য অনুসন্ধানে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ তথ্যটি নিশ্চিত করেছেন সাব-রেজিস্টার কর্মকর্তা মো. মহসীন উদ্দিন আহমেদ।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে জামালপুর জেলা দুর্নীতি দমন কমিশন সম্বলিত কার্যালয় থেকে এনফোর্সমেন্ট একটি টিম এ অভিযান পরিচালনা করেন।
এ সময় তিনজন দলিল লেখক এর বিরুদ্ধে অভিযোগ থাকায় তাদেরকেও খোঁজাখুঁজি করা হয়।
অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট তিন সদস্যের একটি টিম অফিসে ঢুকে সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং তথ্য সংগ্রহ করেন। পরে তারা অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেন এবং রেকর্ডপত্র দেখেন।
এ ছাড়াও গত একমাসে কতগুলো দলিল হয়েছে তার তথ্যসহ সেবা গ্রহীতাদের তথ্য চান তারা।
অভিযানটি জামালপুর দুর্নীতি দমন কমিশন সম্বলিত কার্যালয়ের তিনজন উপ-পরির্দশক সিভিলে এসে এই অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে সাব-রেজিস্টার কর্মকর্তা মো. মহসীন উদ্দিন আহমেদ বলেন, সারাদেশে ৩৫টি সাব-রেজিস্ট্রার অফিসে দুদক অভিযান পরিচালনা করবে। এই ধারাবাহিকতায় আজ জামালপুর দুর্নীতি দমন কমিশন কার্যালয় থেকে তিনজন উপ-পরিদর্শক সাব রেজিস্টার অফিসে অভিযান পরিচালনা করেন।
তারা দলিল রেজিস্ট্রেশনের ফিস আদায়ের তালিকা সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে কথা বলেন এবং তথ্য চেয়েছেন। তাদেরকে আমরা কিছু তথ্য দিয়েছি বাকি তথ্যগুলো দুদক অফিসে পাঠাবো।
তিনি আরও বলেন, ‘সরিষাবাড়ী সাব-রেজিস্টার অফিসে কোন প্রকার দুর্নীতি, ঘুষ, বাণিজ্য ও অনিয়মের প্রশ্রয় নেই। যে কোনো সেবাগ্রহীতা দলিল ও জমি সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। এ জন্য আমার দ্বার উন্মুক্ত।




