কবীর আহমেদ, সরিষাবাড়ী, জামালপুর ||
জামালপুরের সরিষাবাড়ীতে অবৈধভাবে গড়ে উঠা পৃথক তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি ভেকু দিয়ে নষ্ট করা হয়েছে কয়েক লাখ টাকার কাঁচা ইট।
সোমবার (৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মহাদান ইউনিয়নের ৩টি ইটভাটায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া ইট ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানের নেতৃত্ব দেন সরিষাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল ও জামালপুর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সুকুমার সাহা।
এ সময় তাদের সাথে ছিল সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ।
অভিযানে সূবর্ণ ব্রিকসকে ১ লাখ, মেসার্স ঝুমুর ব্রিকসকে ২ লাখ, তানিম ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিজা রিছিল বলেন, ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলে তারা ইটভাটার বৈধ কোন কাজপত্র দেখাতে পারেনি। সেই সঙ্গে ইট তৈরিতে ব্যবহৃত মাটি সংগ্রহে জেলা প্রশাসকের কোনো অনুমতি নেওয়া হয়নি। এমন নানা অনিয়মের দায়ে ৩টি ইটভাটাকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়াও ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




