নিজস্ব প্রতিবেদক: বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক এলজিআরডি মন্ত্রী মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় জামালপুর সমিতি, ঢাকা আয়োজিত এ সভা রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুর কবির মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জামালপুর সমিতি, ঢাকার সহসভাপতি ও আয়োজক কমিটির আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা ও শ্রমিক নেতা কে. এম. আফজাল হোসেন ওরফে আফজাল খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডাকসু ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বিশেষ অতিথি ছিলেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জামালপুর সমিতি, ঢাকার মহাসচিব, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
এ সময় জামালপুর সমিতি, ঢাকার সাবেক মহাসচিব মো. নজরুল ইসলামসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামালপুর সমিতি, ঢাকার যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির আকন্দ স্বপন।
আলোচনা সভায় বক্তারা মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের রাজনৈতিক জীবন, কর্ম ও জামালপুরের মানুষের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করেন।
