নিজস্ব প্রতিবেদক: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অনেক বড় লড়াইয়ের পর দেশে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে। এখন এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে দেশটি সবার জন্য কল্যাণকর ও বসবাসযোগ্য হবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, “চাপাবাজি না করে নিজের যোগ্যতা ও জ্ঞান দিয়ে দেশকে সামনে এগিয়ে নিতে পারেন—এমন মানুষই আমাদের প্রয়োজন।” এ ধরনের যোগ্য নেতৃত্ব দেশকে ভালো কিছু দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
আবদুস সালাম তালুকদারকে এমন একজন নেতা হিসেবে উল্লেখ করে মান্না বলেন, যে রাজনৈতিক নেতা সব বিষয় বুঝে দল ও দেশ পরিচালনার চেষ্টা করেন, বর্তমান সময়ে দেশে এমন নেতার প্রয়োজন আরও বেশি।
রাজনীতিতে বিনয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিনয়ের কোনো বিকল্প নেই। যিনি রাজনীতিতে বিনয়ী নন, তিনি শেষ পর্যন্ত জয়ী হতে পারেন না।
এ সময় বিএনপির বিভিন্ন রাজনৈতিক সভার প্রসঙ্গ টেনে মান্না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ঘটনার স্মৃতিচারণ করেন।
তিনি বলেন, এক সভায় নেতাকর্মীদের হইচই থামাতে মির্জা ফখরুল কয়েকবার অনুরোধ করেন। পরে সভা ছেড়ে চলে যাওয়ার কথা বললে সবাই শান্ত হয়ে যায়। মান্নার মতে, এটি ছিল ধমকের পরিবর্তে দৃঢ় ও বিনয়ী নেতৃত্বের একটি উদাহরণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম। প্রধান আলোচক ছিলেন জামালপুর সমিতির মহাসচিব অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার।
