স্টাফ রিপোর্টারঃ জামালপুরে নৌযান শুমারি নিয়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী।
সভায় জামালপুর জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সাব্বির আহমেদ জানান, চূড়ান্ত শুমারি শুরুর আগে ইতোমধ্যে তিনটি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আগামী ২০ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত চূড়ান্ত নৌযান শুমারি পরিচালিত হবে। এ পর্যন্ত প্রাথমিকভাবে জামালপুর জেলায় লিস্টিং কার্যক্রম হতে প্রাপ্ত মোট ইঞ্জিনচালিত নৌযান সংখ্যা ২৬৭০টি। এর মধ্যে খানা ভিত্তিক ইঞ্জিনচালিত নৌযান ১৫৬৭টি এবং ঘাটভিত্তিক ইঞ্জিনচালিত নৌযান ১১০৩টি। জামালপুরের সাতটি উপজেলা এ শুমারি আওতাভুক্ত হয়েছে।
তিনি জানান, দেশে এই প্রথমবারের মতো নৌযানের শুমারি পরিচালনা করা হচ্ছে। নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যৌথভাবে এ শুমারি কার্যক্রম বাস্তবায়ন করছে।
জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী বলেন, নদীপথের নৌযান চলাচলকে শৃঙ্খলার মধ্যে আনতে সরকার এ কর্মসূচি গ্রহণ করেছে। এ শুমার মাধ্যমে নদীপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে। তিনি সংশ্লিষ্টদের সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে শুমারি কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেন।



