সাজ্জাদ হোসাইন শাহিন-স্টাফ রিপোর্টার:
জামালপুর রেলওয়ে থানার উদ্যোগে নান্দিনা রেলস্টেশন এলাকায় পাথর নিক্ষেপ, মাদক সেবন, রেললাইনের যন্ত্রাংশ চুরি, অবৈধ হকার ও হিজড়াদের অনৈতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই ) বেলা ১১ টায় রেলস্টেশন চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন লেক জাহান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, নান্দিনা স্টেশন জামে মসজিদের সেক্রেটারি মাহবুবুর রহমান, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কুদ্দুস, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লিটন মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার ফকির, ডিটি রাইটার আব্দুল লতিফ, স্টেশন মাস্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, মাদক সেবন, রেললাইনের যন্ত্রাংশ চুরি এবং স্টেশন এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ শুধু রেলওয়ের সম্পদের ক্ষতিই করে না, যাত্রীদের জীবন ও নিরাপত্তার জন্যও বড় হুমকি সৃষ্টি করে। এসব অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে দ্রুত রেলওয়ে পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়।
এছাড়া নান্দিনা রেলস্টেশনকে নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও অপরাধমুক্ত রাখতে রেলওয়ে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসায়ী এবং সর্বস্তরের জনগণের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।


