সাজ্জাদ হোসাইন শাহিন- স্টাফ রিপোর্টার:
জামালপুর আইনজীবী সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনিরের ব্যক্তিগত অফিসে অভিযান চালিয়ে দুটি দেশীয় বন্দুক, চার রাউন্ড গুলি, ছয়টি হাতবোমা এবং ছয় বোতল বিদেশি মদ উদ্ধারের দাবি করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। শহরের পাঁচরাস্তা মোড়ে অবস্থিত মনোয়ারা আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় তার ব্যক্তিগত কার্যালয়ে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, স্থানীয় এক তালা মিস্ত্রির সহায়তায় অফিসের দুটি কক্ষের তালা ভেঙে তল্লাশি চালানো হয়। এ সময় টেবিলের ড্রয়ার থেকে ছয় বোতল বিদেশি মদ এবং একটি কম্বলের ভেতর থেকে দুটি দেশীয় বন্দুক, চার রাউন্ড গুলি ও ছয়টি হাতবোমা উদ্ধার করা হয়। অভিযান চলাকালে গণমাধ্যমকর্মী ও স্থানীয় কয়েকজন ব্যবসী উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান এর নেতৃত্বে সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আব্দুল কাইয়ুমসহ পুলিশের একটি দল অংশ নেয়।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান বলেন, “সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অস্ত্র, গুলি, হাতবোমা ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”




