স্টাফ রিপোর্টার||
খ্যাতিমান সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে অনুষ্ঠিত হয়েছে স্মৃতিমূলক আয়োজন হুমায়ূন আড্ডা।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে কলেজের গ্রন্থকাননের উন্মুক্ত মাঠে কলেজের রিডার্স ক্লাব এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কেক কেটে ‘হুমায়ূন আড্ডা’-র উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর, শিক্ষক সংসদের সম্পাদক মো. রেজাউল করিম, ক্লাবের উপদেষ্টা প্রফেসর মো. আব্দুল হাই আলহাদী, প্রফেসর মো. মনোয়ার হুসেন, শাকের আহম্মদ চৌধুরী এবং রিডার্স ক্লাবের মুখ্য সমন্বয়ক রবিউল আলম লুইপা।
অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর বলেন,
হুমায়ূন আহমেদের জাদুকরী লেখা পড়ে শিক্ষার্থীরা বইয়ের প্রতি আগ্রহী হয়। রিডার্স ক্লাব হুমায়ূন আড্ডার মাধ্যমে তার লেখাগুলোকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে দেয়ার যে উদ্যোগ নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এরকম আয়োজন নিয়মিত হওয়া উচিত।
রিডার্স ক্লাবের মুখ্য সমন্বয়ক রবিউল আলম লুইপা বলেন,
রিডার্স ক্লাবের সদস্যরা শুধু বই পাঠেই নয়, বরং সাহিত্যিকদের স্মরণেও কাজ করছে। হুমায়ূন আহমেদ ছিলেন এমন এক লেখক, যিনি তরুণ প্রজন্মকে বইয়ের প্রতি ভালোবাসা জাগাতে অনন্য ভূমিকা রেখেছেন।
বাংলা বিভাগের শিক্ষার্থী কামরুল ইসলাম বলেন,
স্কুল জীবন থেকেই হুমায়ূন আহমেদের বই পড়ি। তার উপন্যাসের চরিত্রগুলো আমাদের জীবনের সঙ্গে মিলে যায়। রিডার্স ক্লাবকে ধন্যবাদ এমন আয়োজনের জন্য।
উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া বলেন,
উনার বই পড়লে মনে হয়, উপন্যাসটা যেন শেষ না হয়। তাঁর লেখা চরিত্র ও গল্পের আবেগ এখনো মনের মধ্যে গেঁথে আছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা হুমায়ূন আহমেদের উপন্যাসের চরিত্র স্মরণে হলুদ পাঞ্জাবি ও নীল শাড়ি পরে অংশগ্রহণ করেন।
আয়োজনে ছিল কেক কাটা, কুইজ প্রতিযোগিতা, বই পাঠ অভিজ্ঞতা বিনিময় ও পুরস্কার বিতরণ পর্ব।
বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণে প্রাণবন্ত এই আয়োজনটি কলেজ ক্যাম্পাসে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করে।




