Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:19 pm
জামালপুর

টিউবওয়েল বিতরণে টাকা নেওয়ার অভিযোগ মেম্বারের বিরুদ্ধে

টিউবওয়েল বিতরণে টাকা নেওয়ার অভিযোগ মেম্বারের বিরুদ্ধে

সাজ্জাদ হোসাইন শাহীন||

জামালপুরের মেলান্দহ উপজেলার ৫নং নয়ানগর ইউনিয়ন পরিষদের সদস্য মজিবর রহমানের বিরুদ্ধে সরকারি বরাদ্দের টিউবওয়েল বিতরণে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। ইউপি উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় বিতরণ করা এসব টিউবওয়েলের পাকাঁকরণেও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

Advertisement

খোঁজ নিয়ে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে ইউপি উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় নয়ানগর ইউনিয়নের ১নং ওয়ার্ডে ৮টি টিউবওয়েল বিতরণ করা হয়।

তবে সুবিধাভোগীদের অভিযোগ, টিউবওয়েল পেতে তাদের গুনতে হয়েছে টাকা।

মেঘারবাড়ি এলাকার সুবিধাভোগী মানিক মিয়া বলেন, “টিউবওয়েল স্থান পাকাঁ করার জন্য ৭০টা ইট দেওয়া হয়েছে, কিন্তু বালু নিজের টাকায় কিনতে হয়েছে। এর সঙ্গে ২ হাজার টাকা দিতে হয়েছে মজিবর মেম্বারকে।”

অন্য এক সুবিধাভোগী মুক্তা বেগমের স্বামী জানান, টিউবওয়েলের জন্য তাকে ১ হাজার টাকা দিতে হয়েছে।

আরেকজন সুবিধাভোগী আঃ রহমান বলেন, “আমাকে টিউবওয়েল পেতে দিতে হয়েছে ১৫শ টাকা।”

এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মজিবর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, “কেউ যদি টাকা দিয়ে থাকে, সে সামনে এসে বলুক।”

এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা পরেশ চন্দ্র জানান,টাকা নেওয়ার কথা না।প্রকল্পে অনিয়ম হয়ে থাকলে বিল দেওয়া হবেনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম আলমগীর জানান,এ নিয়ে কেউ অভিযোগ করেনি।অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement