মেলান্দহ প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনে ভুয়া সনদ দিয়ে ডিউটি করানো সহ টাকা লেনদেনের অনিয়মের অভিযোগ উঠেছে। নজরুল ইসলাম (৪০)নামে এক ব্যক্তি ভুয়া সনদ জমা দিয়ে পূজা মন্ডপে ডিউটি তালিকায় নাম উঠান। ধারনা করা হচ্ছে এ রকম আরও অনেক লোক ভুয়া সনদ দিয়ে ডিউটি তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছে।
নিয়ম অনুযায়ী পূজামণ্ডপে ডিউটির দায়িত্ব বিনা খরচেই বণ্টন হওয়ার কথা থাকলেও মাঠপর্যায়ে টাকা দিয়ে তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
তাদের অভিযোগ,উপজেলার নাংলা ইউনিয়ন আনসার ভিডিপি দলনেত্রী নুরুন্নাহার আদ্রা ইউনিয়ন ভিডিপি সদস্য নজরুল ইসলাম এর মাধ্যমে টাকার বিনিময়ে পূজা মন্ডপে ডিউটির দায়িত্ব নাম অন্তর্ভুক্ত করাতে সাহায্য করেছে ।টাকা না দিলে ডিউটির তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়নি এমনটাই অভিযোগ ভুক্তভোগীদের।
দায়িত্ব বণ্টনের সময় আনসার অফিসের কিছু ব্যক্তি গোপনে অর্থ নিয়েছে। এতে বাধ্য হয়ে অনেকে টাকা দিয়ে ডিউটির সুযোগ নিচ্ছেন। আবার কেউ কেউ টাকা দিতে না পারায় তালিকার বাইরে থেকে যাচ্ছেন।
একজন ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ডিউটি করা আমাদের দায়িত্ব। কিন্তু দায়িত্ব পালনের জন্য টাকা দিতে হলে সেটা চরম অনিয়ম। এতে যোগ্যরা বঞ্চিত হচ্ছেন, অনৈতিকভাবে দায়িত্ব বণ্টন করা হচ্ছে।’
আদ্রা ইউনিয়নের বাসিন্দা মোছা: রুবিনা বলেন, চলমান দুর্গা পূজায় ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ডিউটি দেওয়ার কথা বলে ৪ হাজার টাকা ঘুষ নেন বলে। তবে তাকে পূজায় কোন দায়িত্ব দেওয়া হয় নাই।
এ বিষয়ে স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ধর্মীয় উৎসবকে ঘিরে অর্থ আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
মেলান্দহ উপজেলা আনসার কর্মকর্তা সৈয়দা হেলেন শাহানা
সাথে এ বিষয়ে বলেন,ভুয়া সনদ দিয়ে ডিউটি করার সুযোগ নেই।যাদের সনদে সমস্যা তাদের ডিউটি বাতিল করা হবে। কেউ অর্থ নিয়ে থাকলে সেটাও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।




