নেত্রকোনার কলমাকান্দায় স্ত্রীকে বাঁচাতে অটোরিকশা থেকে লাফ দিয়ে সড়কে পড়ে আছর উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার লেঙ্গুরা বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আছর উদ্দিন খারনই ইউনিয়নের বটতলা গ্রামের মৃত তহুর উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আছর উদ্দিনের স্ত্রী শাহিনা আক্তার (৩০) দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ। দুপুরে আছর উদ্দিন ব্যাটারিচালিত অটোরিকশায় করে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি কেবলপুর গ্রামে যাচ্ছিলেন। পথে লেঙ্গুরা বাজার এলাকায় পৌঁছালে শাহিনা আকস্মিকভাবে অটোরিকশা থেকে লাফ দেন। এ সময় স্ত্রীকে রক্ষা করতে আছর উদ্দিনও তড়িঘড়ি করে গাড়ি থেকে লাফ দেন এবং সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


