সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি||
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বাউসি গরুর হাট সংলগ্ন ঋষিপাড়া এলাকায় মদ্যপান ও বিক্রির প্রতিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার (২৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মদ্যপান করে পারিবারিক কলহে জড়িয়ে পড়েন সঞ্জিত ও আদুরী নামের এক দম্পতি। তাদের অসামাজিক আচরণের প্রতিবাদ করেন প্রতিবেশী শিক্ষার্থী আনিসুর রহমান আনিছ (২৫)। এ সময় তাকে টেনে বাড়ির ভেতরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
আনিছকে উদ্ধার করতে গেলে তার পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে সঞ্জিতপক্ষের সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে আনিছকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত অন্যদের মধ্যে রয়েছেন: কমল নিশি (২৫), নিখিল ঋষি (৬০), রবি ঋষি (১৯), বিকাশ (২৫) ও কল্পনা (৪৫)। তারা সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহত আনিছের বাবা শামীম জানান, “ঋষিপাড়ায় নিয়মিতভাবে মদ তৈরি ও বিক্রি হয়। প্রতিবাদ করলে আমাদের গালিগালাজ ও হামলার শিকার হতে হয়। পুলিশকে জানানো হলেও স্থায়ী কোনো সমাধান মেলে না।”
এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মাদকবিরোধী কঠোর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান রাশেদ জানান, “অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”




