শেরপুরের চার গ্রামে শিয়ালের আক্রমণে ২২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের চারটি গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে দুপুরের মধ্যে শিয়ালটি প্রথমে দিকপাড়া গ্রামে চারজনকে, এরপর গির্দ্দাপাড়া গ্রামে ১০ জনকে, তারপর নাকশি গ্রামে চারজনকে এবং সর্বশেষ পাঞ্জরভাঙ্গা গ্রামে চারজনকে কামড়ে আহত করে। পরে আহতদের দ্রুত উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ ক্রান্তি বলেন, শিয়ালটি খুব সম্ভবত জলাতঙ্ক (র্যাবিস) রোগে আক্রান্ত ছিল। রোগীদের তাৎক্ষণিক হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
শেরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উম্মে সালমা আঁখি বলেন, কিছুদিন ধরে হাসপাতালে কুকুর ও শিয়ালের কামড়ের রোগীর সংখ্যা বেড়ে চলছে। আমি এসে ১৪ জন শিয়ালের কামড়ানোর রোগী পেয়েছি। সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে।




