শুক্রবার রাতে উত্তরের লন্ডনে ঠান্ডা আবহাওয়ায় ইপসউইচ টাউনের বিপক্ষে প্রায় কোনো ঝামেলা ছাড়াই, ১-০ গোলে জয় পেয়ে প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল।
ছয় পয়েন্টে পিছিয়ে থাকা লিভারপুলকে তাড়া করছে তারা। প্রথমার্ধে লিয়ান্দ্রো ট্রসার্ডের চতুর ব্যাকপাসে কাই হাভার্টজ গোলটি করেন, যা শেষ পর্যন্ত জয় নির্ধারণী হয়। তবে, আর্সেনালের পারফরম্যান্স নববর্ষের আগে খুব বেশি উত্তেজনা আনতে পারেনি।
দ্বিতীয়ার্ধের প্রথম ১০ মিনিটে ইপসউইচ চাপ প্রয়োগ করেছিল, তবে সেটি ছিল ক্ষণস্থায়ী। এরপর আর্সেনাল মাঠের নিয়ন্ত্রন নিয়ে নেয়।
ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস কর্নার থেকে গোল করার ধারাবাহিকতা ধরে রাখতে পারেন নি। একেবারে ফাঁকা জায়গায় থেকেও তার হেডটি গোলের বাইরে চলে যায়। অধিনায়ক মার্টিন ওডেগার্ডও এক দারুণ ড্রিবলিংয়ের পর বক্সে ঢুকে শট নিলেও তা গোলবারের ওপর দিয়ে চলে যায়।
এই জয়ে আর্সেনালের পয়েন্ট দাঁড়িয়েছে ৩৬, লিভারপুলের ৪২ পয়েন্টের ছয় পয়েন্ট পেছনে। তবে লিভারপুলের একটি খেলা বাকি রয়েছে। এই জয় আর্সেনালকে লন্ডনের প্রতিদ্বন্দ্বী চেলসি (৩৫ পয়েন্ট) এবং এই মৌসুমের চমক নটিংহ্যাম ফরেস্ট (৩৪ পয়েন্ট) কে পেছনে ফেলতে সাহায্য করেছে।
আর্সেনাল ম্যানেজার মিকেল আর্টেটা সাংবাদিকদের বলেন, “জয়ে আমি খুবই খুশি, ক্লিন শিট এবং খেলার বেশিরভাগ অংশে পারফরম্যান্সেও। আমাদের আরো গোল করা উচিত ছিল, তবে ধারাবাহিকতাই গুরুত্বপূর্ণ। দল আরেকবার কোনো সুযোগ দেয়নি।
“এই মৌসুমে যত চ্যালেঞ্জ আমরা পার করেছি, ১০ জন নিয়ে খেলতে হওয়া এবং ইনজুরিগুলো মাথায় রেখে, আমরা যেখানে আছি তাতে খুশি। তবে আমরা এখানে থাকতে চাই না; আমরা প্রথম হতে চাই।”
আর্সেনাল পরের ম্যাচ খেলবে নিউ ইয়ার্স ডেতে ব্রেন্টফোর্ডের বিপক্ষে এবং জানুয়ারির ৪ তারিখে ব্রাইটনের বিপক্ষে। এরপর দুটি ঘরোয়া কাপ ম্যাচ খেলে জানুয়ারির ১৫ তারিখে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে লড়বে।
ইপসউইচ এখনো দ্বিতীয় সর্বনিম্ন স্থানে রয়েছে। ১৮ ম্যাচে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট, নিরাপদ অঞ্চলের তিন পয়েন্ট পেছনে। সোমবার তারা চেলসির মুখোমুখি হবে।
“খেলোয়াড়রা খুব পরিশ্রম করেছে এবং আমরা দ্বিতীয়ার্ধে ২০ মিনিটের ভালো জায়গায় খেলা নিয়ে গিয়েছিলাম,” বিবিসিকে বলেন ইপসউইচ ম্যানেজার কিয়ান ম্যাককেনা।
“শুরুতে আমরা চাপের মধ্যে ছিলাম এবং বের হতে পারিনি, তবে ৮৯ মিনিটে যে জায়গায় ছিলাম তাতে আমি সন্তুষ্ট। কিছু ডিফেন্ডিং খুব ভালো ছিল এবং সোমবার চেলসির বিপক্ষে আমাদের এর প্রয়োজন হবে।”
Image: Getty Images via BBC
