অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে ১৮ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে প্রতিযোগিতার সুপার সিক্সেও ওঠলো টাইগাররা।
বুধবার মালয়েশিয়ার ইউকেএম ক্রিকেট ওভালে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় স্কটল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে বাংলাদেশ দল তোলে ১২১ রান। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৩ রানের বেশি করতে পারেনি স্কটিশরা।
১২২ রানের লক্ষ্যে নেমে শুরুটা ভালো হয়নি স্কটিশ মেয়েদের। ওপেনিং জুটিতে ১৯ রান করে। ওপেনার এমা ওয়ালসিংহামকে আউট করে সে জুটি ভাঙেন আনিসা আক্তার। সে ওভারে পিপ্পা কেলি রানআউট হয়ে ফেরেন সাজঘরে।
এরপর অধিনায়ক নিয়াম মুইর ও উইকেটরক্ষক পিপ্পা স্প্রৌল মিলে ৫০ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু নিয়াম মুইরকে বিদায় করেন হাবিবা ইসলাম। নিয়ামের ব্যাট থেকে আসে ২২ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।
ইনিংস সর্বোচ্চ ৪৩ রান আসে স্প্রৌলের ব্যাট থেকে। তিনি করেন ৪৩ রান। স্কটল্যান্ডের অন্য কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেন আনিসা আক্তার সোবা, তিনি ৪ ওভারে ২৫ রান দিয়ে চারটি উইকেট শিকার করেন। তিনিই হয়েছেন ম্যাচসেরা। নিশিতা আক্তার নিশি ও হাবিবা ইসলাম পিঙ্কি নেন একটি করে উইকেট।
এর আগে ব্যাটিংয়ে বাংলাদেশ শুরু থেকেই চাপে ছিল। ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা শূন্য রানে আউট হলে দলের বিপর্যয় শুরু হয়। জুয়াইরিয়া ফেরদৌস ও ফাহমিদা ছোঁয়া চেষ্টা করেন পরিস্থিতি সামাল দিতে। তাদের ব্যাট থেকে আসে ২০ ও ১৪ রান। তবে নিয়মিত উইকেট হারানোর কারণে বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। অধিনায়ক সুমাইয়া আক্তার সর্বোচ্চ ২৯ রান করেন, আর আফিয়া আশিমা ইরা করেন ২১ রান।
স্কটল্যান্ডের হয়ে বল হাতে নায়মা শেখ ও মাইসি মেসিরা দুটি করে উইকেট শিকার করেন। গ্যাব্রিয়েলা ফন্টেনলা, অ্যামি বাল্ডি ও কার্স্টি ম্যাককল একটি করে উইকেট নেন।
মুক্তকাল/এসআর




