বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনাকে সমর্থন করে না ভারত। এটি দুই দেশের সম্পর্কের ক্ষুদ্র প্রতিবন্ধকতা বলে উল্লেখ করেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। বুধবার (১১ ডিসেম্বর) কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বাধীন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ব্রিফিংয়ে এ কথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব।
বিক্রম মিশ্রি আরও বলেন, শেখ হাসিনা ‘ব্যক্তিগত কমিউনিকেশন ডিভাইস’ ব্যবহার করে তার সব মন্তব্য করছেন। ভারত সরকার তাকে কোনো প্ল্যাটফর্ম বা সুবিধা প্রদান করছে না, যা দিয়ে তিনি ভারতের ভূখণ্ডে বসে তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে পারেন। তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এড়াতে এটি ভারতের ঐতিহ্যগত নীতি বলে মন্তব্য করেন তিনি।




