Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:07 pm
মুক্তদেশ

ইসরাইলের পতন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান এনআরসির

ইসরাইলের পতন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান এনআরসির

স্টাফ রিপোর্টার ||

অবৈধ দখলদার রাষ্ট্র ইসরাইলের পতন ঘটিয়ে মজলুম ফিলিস্তিনিদের মুক্তি অর্জনের আগ পর্যত ইরানকে যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ- এনআরসি। এ যুদ্ধে ইরানের সাথে সকল মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনীকে অংশগ্রহণেরও দাবি জানিয়েছে দলটি।

Advertisement

শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচি থেকে এ আহ্বান জানানো হয়।

ফিলিস্তিন ও ইরানসহ মুসলিম রাষ্ট্রগুলোতে অবৈধ রাষ্ট্র ইসরাইলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে জাতীয় বিপ্লবী পরিষদ এ বিক্ষোভের আয়োজন করে। জুমার নামাজের পরপরই তাকবির ধ্বনি দিয়ে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ শুরু করে দলটির নেতাকর্মীরা। এসময় তারা ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধী স্লোগান দেন। বিক্ষোভে বিপুল সংখ্যক মুসল্লী যোগ দেয়। পরে বায়তুল মোকাররম থেকে মিছিল বের হয়ে পলটন মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে বিক্ষোভ শেষ হয়।

সমাবেশে জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীনের সভাপতিত্বে বক্তৃতা করেন যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ, সহকারী সদস্য সচিব আব্দুস সালাম, কেন্দ্রীয় কমিটির সদস্য রাজু আহমেদ সদর, বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আরিফুল ইসলাম প্রমুখ।

মোহাম্মদ শামসুদ্দীন বলেন, ইসরাইল জেনেভা কনভেনশন লঙ্ঘন করে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ করেছে। তাদের বিচার করতে হবে। অবৈধ সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেপ্তার করে বিচার ও শাস্তি নিশ্চিত করতে আমরা জাতিসংঘকে এগিয়ে আসার আহ্বান জানাই।

তিনি আরও বলেন, গাজা এবং ইরানসহ সারা বিশ্বে মুসলমানদের উপর যে আগ্রাসন, নির্যাতন নিপীড়ন গণহত্যা চালানো হচ্ছে বিশ্ব মুসলমানরা এক উম্মাহ হিসেবে ঐক্যবদ্ধ হয়ে আমরা এর বদলা নিবোই নিবো ইনশাআল্লাহ। প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে ইহুদীদের হাতে রেখে কোন অবস্থাতেই কোন মুসলমান শান্তিতে ঘুমাতে পারেনা। ইসরাইলকে মুসলমানদের উপর হামলা করার জন্য অস্ত্র এবং অর্থ দিয়ে সাহায্য করে যে আমেরিকা, সেই আমেরিকার থেকেই কিছু মুসলিম রাষ্ট্র বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে। আমরা তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। আবার এসময়ে মুসলমানদের যারা শিয়া সুন্নি ভাগ করে তারা মুসলমানদের শত্রু, মুসলিমদের উপর আগ্রাসন বন্ধ করতে হলে সকল মুসলিম এক হতে হবে এবং সেই স্বার্থেই বিভক্তি কারীদের চিহ্নিত করতে হবে।

যুগ্ম আহবায়ক সাইয়েদ কুতুব বলেন, ইসরাইল আন্তর্জাতিক আইন অমান্য করে ইরানে হামলার মাধ্যমে এটাই প্রমাণ করেছে আন্তর্জাতিক আইন তাদের জন্য না। ইসরাইল মূলত ইরানে হামলার মাধ্যমে সমগ্র মুসলিম রাষ্ট্র দখলে নিতে চায়, তাদের মূল লক্ষ্য হলো পবিত্র মক্কা ও মদীনা শরিফ দখল করা। আর ইসরাইল তাদের দোসর হিন্দুত্ববাদী ভারতকে দিয়ে বাংলাদেশকে দখল করতে চায়।

তিনি আরো বলেন, পৃথিবীর সকল মুসলমানকে টিকে থাকতে হলে মানবতার দুষমন ইসরাইলকে উৎখাত করতে হবে। ইরানের বিজয় হবে সমগ্র মুসলিম উম্মাহর বিজয়। ইনশাআল্লাহ বায়তুক মোকাররম মসজিদ থেকে ইরানের সেই বিজয় উদাযাপন করা হবে।

আবদুল ওয়াহেদ বলেন, ইরানে কলোনিয়াল ইসরাইল এর হামলার প্রতিবাদে ইরান যখন পাল্টা হামলা করলো তখনি বিশ্ব মোড়লরা নগ্নভাবে ইসরাইলকে সমর্থন জানালো। আমরা আমেরিকা ও জি সেভেন এর এই অবস্থানের তীব্র নিন্দা জানাচ্ছি। ফিলিস্তিনের পক্ষে মুসলিম দেশগুলো প্রতিরোধ গড়ে তোলেনি বলেই আজ ইসরাইল ইরানের উপর হামলা করার সাহস পেয়েছে। এই মুহুর্তে ইরান যদি হেরে যায় এরপরে ইসরাইল একে একে সকল মুসলিম দেশেই হামলা করবে। তাই আমরা মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধভাবে ইসরাইলকে প্রতিরোধের আহ্বান জানাই।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.