এবার পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে সর্বশেষ মঙ্গলবার (১০ জুন) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার গোলাম মোস্তফা (৫৮)। এ নিয়ে এখন পর্যন্ত ২২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২০ জন পুরুষ ও নারী দুইজন।
বুধবার (১১ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের মৃত্যু সংবাদে এসব তথ্য জানা গেছে।
যারা মারা গেছেন তাদের মধ্যে মক্কায় মৃত্যু হয়েছে ১৪ জনের, মদিনায় ৭ জন ও আরাফায় ১ জন।
হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর শেষ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় মঙ্গলবার (১০ জুন)।
এ দিন সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট ‘এসভি-৩৮০৩’ ৩৭৭ হাজিকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই।




