বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের আন্দোলনের কারণে গত ২৮ জানুয়ারি দেশজুড়ে বাতিল হওয়া ট্রেনের টিকিট রিফান্ড করতে যাত্রীদের ১০ দিন সময় দেয়া হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ওই টিকিট রিফান্ড করা যাবে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেলওয়ে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ জানুয়ারি অনিবার্য কারণে ট্রেন চলাচল স্থগিত থাকায়, যেসব ট্রেন সম্পূর্ণ চলাচল করেনি, সেসব ট্রেনের টিকিট রিফান্ডের ক্ষেত্রে যাত্রীদের করণীয়-১০ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত টিকিটগুলো রিফান্ড করা যাবে। যেসব যাত্রী ইন্টারনেটের মাধ্যমে (রেল সেবা অ্যাপস ও ওয়েবসাইট) টিকিট ক্রয় করেছিলেন তারা ইন্টারনেটের মাধ্যমে এবং যারা স্টেশন কাউন্টার থেকে টিকিট ক্রয় করেছিলেন তারা স্টেশন কাউন্টারের মাধ্যমে ক্রয় করা টিকিট, পিন বা ওটিপি প্রদর্শন করে রিফান্ড করতে পারবেন। পিনের জন্য টিকিট ক্রয়ে ব্যবহৃত মোবাইল নম্বরটি সঙ্গে রাখতে হবে।
জানা যায়, গত ১ জানুয়ারি ঘোষণা করা হয়, ২৮ জানুয়ারি থেকে ট্রেন চালাবেন না তারা। তারই পরিপ্রেক্ষিতে গত সোমবার দিনগত রাত থেকে সাড়ে ২৬ ঘণ্টা ট্রেনে ওঠেননি রেলওয়ের রানিং স্টাফরা।
এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. সাজেদুল ইসলাম জানান, এ রিফান্ড শুধু পুরনো টিকিটের জন্য প্রযোজ্য, এবং পূর্ববর্তী টিকিট দিয়ে নতুন যাত্রা করা যাবে না।




