টঙ্গীর তুরাগতীরে চলা বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৭ জনে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
জানা যায়, নিহত ওই ব্যক্তির নাম আমীর হোসেন। তার বয়স ৬৫ বছর। বাড়ি গোপালগঞ্জের মোকসেদপুর এলাকায়।
গতকাল সোমবার রাত ১১টার দিকে ৩১ নম্বর খিত্তায় মারা যান তিনি। পরে ভোরে ফজরের নামাজের পর তার জানাযা হয়।
অন্যদিকে, মঙ্গলবার ফজরের নামাজের পর থেকেই শুরু হয়েছে বয়ান। চলছে দ্বীনের বয়ান ও দাওয়াতি কার্যক্রম নিয়ে আলোচনা। খিত্তায় খিত্তায় ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন মুসল্লিরা।
ইজতেমার এ ধাপে অংশ নিয়েছেন সারাদেশের অন্তত ২২ জেলার ধর্মপ্রাণ মানুষ। বুধবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শুরায়ে নেজামের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হবে।
এরপর মাঝে ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ কান্ধলভী অনুসারিদের ইজতেমা। তা শেষ হবে ১৬ ফেব্রয়ারি।
মুক্তকাল/এসআর




