পদত্যাগের সিদ্ধান্ত নিলে নিজেই ঘোষণা করবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সম্প্রতি পদত্যাগ সংক্রান্ত বিষয় নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, প্রতিবেদনটি তার নজরে এসেছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখেছেন। পত্রিকাটি আসলে কোন উৎস থেকে এই সংবাদ প্রকাশ করেছে, সেটা পরিষ্কার নয় বলেও মন্তব্য করেন তিনি।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, এ ধরনের সিদ্ধান্ত এখনো হয়নি। যদি হয় তাহলে তারা নিজেরাই বলবেন। রাজনৈতিক দলে অংশগ্রহণের পরিস্থিতি হলে, তাদের সরকার ছাড়ার সিদ্ধান্ত হলে সেটা আনুষ্ঠানিকভাবেই জানানো হবে। এমন কোনো সিদ্ধান্ত তার বা আসিফের জায়গা থেকে হয়নি, তারা সরকারের কার্যক্রম করছেন বলে উল্লেখ করেন নাহিদ।
এর আগে, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে উল্লেখ করে, জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দল ঘোষণার আগে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম।
মুক্তকাল/এসআর




