আমি একজন মুফাসসিরে কুরআনের বাইরে আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন বাংলাদেশি নাগরিক। আমার দেশের যে কোনো সমস্যা ও অসঙ্গতি নিয়ে কথা বলার অধিকার আমার রয়েছে। সাম্প্রতিক ব্ক্তব্যে রাজনৈতিক প্রতিক্রিয়া পাওয়ার পর এমন বক্তব্য রেখেছেন মিজানুর রহমান আজহারি।
শনিবার (১১ জানুয়ারি) রাতে সিলেট এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কুরআন আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে তিনি বলেন, এই কথাগুলো ছিল খুবই সাধারণ। যে কথাগুলো আমরা জেনারেলি বলি সেগুলোকে জেনারেলি নেবেন। এই জাতীয় বার্তা যখন আমরা দেই, তখন যদি বলেন রাজনীতিতে আসেন, পারলে দল করে দেখান। আমি একজন মুফাসসিরে কুরআনের বাইরে আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন বাংলাদেশি নাগরিক। আমার দেশের যে কোনো সমস্যা ও অসঙ্গতি নিয়ে কথা বলার অধিকার আমার রয়েছে।
তিনি বক্তব্যে উল্লেখ করেন, আমরা দেখেছি ক্ষমতার যখন পালা বদল হয় তখন এক সরকার যায়, আরেক সরকার আসে। তখন আমরা দুর্নীতির ফিরিস্তি জানতে পারি, তার আগে কিন্তু জানতে পারি না। প্রতিটি দলের ভেতরে আমরা এই বাজে স্বভাবটা দেখেছি। তাই এখন আমাদের শুধরে নেওয়ার সময় এসেছে। এটাই সুন্দর সময়, নতুন প্রভাতের বাংলাদেশ, নতুন ভোরের বাংলাদেশে। এ সময় আমরা যেন কাদা ছোড়াছুড়ি না করি।
তিনি আহবান জানিয়ে বলেন, আমাদের শপথ নেওয়ার সময় এসেছে। নিবন্ধিত প্রতিটি দলের শপথ নেওয়া উচিত। আমরা আর কোনো দিন চাঁদাবাজি ও টেন্ডারবাজি করব না। সব সময় দেশের পক্ষে থাকব।



