নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এবার সর্বনিম্ন সরকারি হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। পাশাপাশি বিমান ভাড়াও ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, ফলে হজযাত্রীদের মোট ব্যয় আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমবে।
সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্ম বিষয়ক মন্ত্রী জানান, হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজের মধ্যে প্রথমটির মূল্য ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা এবং দ্বিতীয়টির মূল্য ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, এবার বিমান ভাড়া কমানোর কারণে সামগ্রিক হজ ব্যয়ও কমেছে। ২০২৬ সালে যেখানে বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা, সেখানে ২০২৭ সালের জন্য তা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে।
সৌদি আরবের নতুন সময়সূচি অনুযায়ী এবার আগেভাগেই হজের নিবন্ধন ও অন্যান্য কার্যক্রম শুরু করা হচ্ছে। সরকারি প্যাকেজ ঘোষণার পর বেসরকারি হজ এজেন্সিগুলোও তাদের নিজস্ব প্যাকেজ প্রকাশ করবে।
ধর্ম মন্ত্রণালয় হজে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে এবং প্যাকেজ, নিবন্ধন ও অন্যান্য তথ্য শুধুমাত্র সরকারি নির্দেশনা অনুসরণ করে গ্রহণ করার পরামর্শ দিয়েছে।
