বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শনিবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে ক্যাম্পাসের টিএসসি সংলগ্ন ডাস চত্বর থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে সেটি ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশব্যাপী ছাত্রদলের নেতাকর্মীদের নামে সম্প্রতি ডাকসু নির্বাচন, সিনেট ভবনে উপাচার্য ও প্রক্টরের সাথে শিক্ষার্থীদের আলাপ ও কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের নেতা ফারুক হাসানের ওপরে হামলাসহ বিভিন্ন ইস্যুতে অব্যাহতভাবে ভিত্তিহীন, অসত্য ও মনগড়া গুজব ও অপপ্রচারের ষড়যন্ত্রে মেতে উঠেছে কুচক্রী একটি মহল।
এসব গুজব ও অপপ্রচারের কূটচাল ছড়িয়ে ছাত্রদলের জনপ্রিয়তা নষ্ট করা যাবে না উল্লেখ করে তিনি আরও বলেন, এসব নেতিবাচক প্রচারণাকে মোকাবেলা করে ইতিবাচক কার্যক্রমের মাধ্যমে ছাত্রদল শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ ছড়িয়ে দিতে আরও সচেষ্ট হবে।
তিনি আরও বলেন, ২০২৪ এর গণ-অভ্যুত্থানের একক ইজারা কেউ দাবি করলে সেটা মেনে নেয়া হবে না। ১৯৭১-এর পরাজিত শক্তি ও ২০২৪-এর পরাজিত শক্তির মিলিত মব কালচারকে প্রতিহত করে বাংলাদেশের জনগণের ভোটাধিকার আদায়ের সংগ্রাম চলবেই।
এ সময় সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্রদলের ঢাবি শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, ঢাবি শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন শাওন ও সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়া ইমন। এছাড়াও ছাত্রদলের দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Image: Daily Amardesh
