সরকারি চাকরিতে বাংলাদেশ সরকার হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করেছে বলে টাইমস অ্যালজেব্রার এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টের একটি পোস্টের দাবিকে “সম্পূর্ণ বানোয়াট” বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের যাচাই করা ফেসবুক অ্যাকাউন্ট সিএ প্রেস উইং ফ্যাক্টসে পোস্ট করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘এক্সের এই পোস্টে হিন্দুদের চাকরি নিষিদ্ধ করার দাবির বিষয়টি সম্পূর্ণ বানোয়াট।’
সেখানে আরও বলা হয়, বাংলাদেশ সরকার ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করে না। পোস্টে উল্লেখিত স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টার উদ্ধৃতিটিও মিথ্যা বলে জানানো হয় বিবৃতিতে।
