জানুয়ারিতে দেশের বিভিন্ন অঞ্চলে তিন থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে শীতের প্রকোপ বাড়বে এবং তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, দেশের পশ্চিম, উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলে দু-একটি মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। অন্যদিকে, অন্যান্য অঞ্চলে দু-তিনটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, ১০ জানুয়ারির কাছাকাছি সময়ে শৈত্যপ্রবাহের আশঙ্কা বেশি। এর আগে ৮ ও ৯ জানুয়ারি দেশের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ৯ বা ১০ জানুয়ারি শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।
চলতি মাসে দেশের উত্তর, উত্তর-পূর্ব, পশ্চিম, দক্ষিণ-পশ্চিম এবং মধ্যাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশার দেখা মিলতে পারে। নদ-নদী অববাহিকায় এই কুয়াশা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে।
ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। কুয়াশার ফলে সূর্যের আলো কম আসায় দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গেছে, যা শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে।
আজ বৃহস্পতিবার দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রায় পরিবর্তন হবে না। আগামীকাল থেকে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে ঘন কুয়াশার কারণে কিছু এলাকায় দুপুর পর্যন্ত শীতের অনুভূতি বজায় থাকবে।
আবহাওয়াবিদরা আশা করছেন, শনিবার থেকে শীতের প্রকোপ কিছুটা কমতে পারে।
মুক্তকাল/এসআর

