জনপ্রিয় ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারী সম্প্রতি দেশে ফিরে কক্সবাজারের পেকুয়া উপজেলা সদরে আয়োজিত এক তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করেছেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত এই মাহফিলে লক্ষাধিক মানুষ উপস্থিত ছিলেন।
মাহফিলে ড. আজহারী জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, “দেশে শান্তিপূর্ণ বসবাসের জন্য জাতীয় ঐক্যের চাইতে মোক্ষম হাতিয়ার আর কিছু নেই।” তিনি দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “অনৈক্য হচ্ছে যত নষ্টের মূল কারণ। গত ৫০ বছর ধরে দেশে নৈরাজ্যের মূল কারণ এই অনৈক্য। সাম্প্রতিক সময়ে ড. মুহাম্মদ ইউনূসের কথায় গোটা দেশ ঐক্যবদ্ধ হয়েছে। দেশের মানুষ শান্তি চায়, অশান্তি নয়। তাই জাতীয় ঐক্যের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।”
এই মাহফিলটি মরহুম মাওলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়। মাহফিলের সার্বিক নিরাপত্তায় কাজ করেছে যৌথবাহিনী।
পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, “জনপ্রিয় ইসলামি বক্তা আজহারী বিকেলে হেলিকপ্টারে করে পেকুয়ায় পৌঁছেন। মাহফিলের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।”
ড. মিজানুর রহমান আজহারীর এই বক্তব্য এবং আহ্বান দেশজুড়ে প্রশংসিত হয়েছে। শান্তি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে তার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে।
মুক্তকাল/এসআর
