মুক্তকাল ডেস্ক : ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। রোববার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইসরাইলি বাহিনী জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজানোর পর ইয়েমেন থেকে ছোড়া ওই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়।
হাউছি বিদ্রোহীরা, যারা হামাসের মিত্র হিসেবে পরিচিত, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরাইলের দিকে নিয়মিতভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।
সম্প্রতি ইসরাইল হাউছি-নিয়ন্ত্রিত লোহিত সাগরের দুটি গুরুত্বপূর্ণ বন্দর—হোদেইদা ও সালিফে বিমান হামলা চালায়। এর জবাবে একই দিনে তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় হাউছিরা। ইসরাইল হুঁশিয়ারি দিয়েছে, হামলা অব্যাহত থাকলে হাউছি নেতৃত্বকে সরাসরি লক্ষ্য করে হামলা চালানো হবে।
হাউছি-নিয়ন্ত্রিত সাবা বার্তা সংস্থার মতে, হাউছি প্রশাসন জানিয়েছে, ইসরাইলি হামলার ‘বেদনাদায়ক জবাব’ দেওয়া হবে।
গাজা যুদ্ধের সময় থেকে হাউছিরা ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে ইসরাইল ও লোহিত সাগরে চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। এসব হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র পাল্টা আঘাত হানে। তবে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র হাউছিদের সঙ্গে একটি যুদ্ধবিরতিতে পৌঁছালেও, সেই চুক্তিতে ইসরাইলের কোনো অংশগ্রহণ ছিল না।
সূত্র: বাসস




