ঠাকুরগাঁওয়ের সদরে বাসের ধাক্কায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ জুন) সকালে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের ভুল্লী এলাকা খোশবাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার দেবিপুর ইউনিয়নের খোশবাজার এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম (৫২) ও তার মেয়ে রুবাইয়া খাতুন (১৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ভিআইপি অটোমোবাইলস (প্রা. লি.) নামে একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাচ্ছিল। একই পথ ধরে একটি থ্রিহুইলারে মেয়েকে পঞ্চগড়ের বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পৌঁছে দিতে যাচ্ছিলেন তার বাবা।
এ সময় পেছন থেকে যাত্রীবাহী বাসটি ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে খাদে পড়ে যায় থ্রিহুইলারটি। এতে নিয়ন্ত্রণ হারায় বাসটিও। এ সময় ঘটনাস্থলেই মারা যায় থ্রিহুইলারের চালক আশরাফুল। গুরুতর আহত হয় মেয়ে রুবাইয়া। পরে মেয়েকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এলাকাবাসী জানান, এখানে থ্রিহুইলারের কোনো দোষ ছিল না। পেছন থেকে বাসটি ধাক্কা দেয়। ফলে এ দুর্ঘটনাটি ঘটে। হয়তো বাসের চালক ঘুমিয়ে ছিলেন। সে কারণেই প্রাণ গেল বাবা ও মেয়ের; যা কোনোভাবেই কাম্য না। এ বিষয়ে আইনগত কঠোর ব্যবস্থা নেয়ার দাবি করেন তারা।
ভুল্লী থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সদস্যরা। দুর্ঘটনার পর বাসটিকে আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।
তাদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে জানান পুলিশের ওই কর্মকর্তা।




