বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশকে পুনর্গঠন করা হবে। বিএনপি কোন অন্যায়কে প্রশ্রয় দেয় না, দলের কেউ অপরাধ করলে তার বিচার করে। অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে এটিই বড় পার্থক্য।
শনিবার যশোরে জেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। বেলা ১১টায় জেলার ঈদগাহ ময়দানে এ সম্মেলন শুরু হয়।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হলো একটি স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া। আমরা প্রত্যাশা করি, যত দ্রুত সম্ভব তারা সেটা করবেন। এখন প্রধান কাজ হলো দল পুনর্গঠন করা, শক্তিশালী করা। ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাব গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া।
স্বৈরাচারী সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এখন আমরা সংস্কার প্রস্তাবের নামে বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন কথা বলতে শুনছি। অবশ্যই যে যার মত প্রকাশ করতে পারেন। এখন ক্ষমতার ভারসাম্যের কথা শুনছি। অনেকে রাজনীতিতে গুণগত পরিবর্তনের কথা বলছেন। এগুলো হয়তো প্রয়োজন। কিন্তু যখন স্বৈরাচারী শাসক দীর্ঘসময় ধরে রাষ্ট্রক্ষমতা জোর করে দখল করে ছিল তখন রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি ৩১ দফা প্রস্তাব এনেছে। তখন কিন্তু এসব সুন্দর সুন্দর কথা আমরা শুনিনি।



