Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:52 am
অন্যান্য

হিলি বন্দরে কাঁচামরিচের দাম কেজিতে কমেছে ৭০ টাকা

হিলি বন্দরে কাঁচামরিচের দাম কেজিতে কমেছে ৭০ টাকা

দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিপ্রতি ৭০ টাকা কমেছে। আমদানি বৃদ্ধি পাওয়ায় এই দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বর্তমানে হিলি বন্দরের পাইকারি বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজি দরে, যেখানে গত ২০ ও ২১ আগস্ট তা বিক্রি হয়েছিল ১৭০ থেকে ১৮০ টাকা কেজিতে।

Advertisement

রোববার (২৪ আগস্ট) সকালে হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে খোঁজ নিয়ে এই তথ্য জানা গেছে।

আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি শাহাবুল ইসলাম জানান, ভারতের বিভিন্ন রাজ্য থেকে কাঁচামরিচ আমদানি করা হচ্ছে। তবে বৈরী আবহাওয়ার কারণে আমদানিকৃত কাঁচামরিচ ট্রাকে ত্রিপল দিয়ে ঢেকে রাখতে হচ্ছে, যার ফলে অনেক মরিচ পঁচে যাচ্ছে। তাই পচনশীলতা ঠেকাতে এবং ক্ষতি পুষিয়ে নিতে ব্যবসায়ীদের কম দামে বিক্রি করতে হচ্ছে।

হিলির খুচরা বাজারের ব্যবসায়ী বিপ্লব শেখ জানান, খুচরা বাজারে কাঁচামরিচ কেজিপ্রতি ৫০ টাকা কমে বর্তমানে বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে, যা দুই দিন আগে ছিল ২০০ টাকা।

তবে দাম কমলেও আগের তুলনায় ক্রেতার সংখ্যা কমে গেছে বলে জানান তিনি।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জামান বাঁধন জানান, চলতি আগস্ট মাসে এ পর্যন্ত ১৫৯টি ট্রাকে ১ হাজার ৩০৮ টন কাঁচামরিচ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে। ভারত থেকে এসব কাঁচামরিচ ৫০০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে এবং প্রতি কেজিতে ৩৭ টাকা শুল্ক দিয়ে খালাস করা হচ্ছে। পণ্যটি কাঁচা হওয়ায় দ্রুত খালাস ও সরবরাহে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

Advertisement