রংপুরের পীরগাছায় হঠাৎ করেই দেখা মিলেছে একটি বিশাল আকৃতির বাঘা আইড় মাছের। মাছটির ওজন ৭২ কেজি, যা সাধারণত এই অঞ্চলে খুব একটা দেখা যায় না। বিরল এই দৃশ্য দেখতে স্থানীয় জনতা ভিড় জমায় পীরগাছা সদর ইউনিয়ন পরিষদ মোড়ে।
মঙ্গলবার (২০ মে) বিকেলে বিশালদেহী মাছটি এলাকার মানুষের নজর কাড়ে। কেউ ছবি তুলছেন, কেউ আবার ভিডিও করছেন। অনেকেই বিস্ময় নিয়ে জানাচ্ছেন, এত বড় মাছ তারা জীবনে কখনো দেখেননি।
জানা গেছে, মাছটি ধরা পড়েছে গাইবান্ধার ফুলছড়ি ঘাট সংলগ্ন যমুনা নদীতে। স্থানীয় জেলে শিরিশ চন্দ্রের জালে মঙ্গলবার সকালে মাছটি আটকা পড়ে। পরে মাছটি কিনে পীরগাছায় নিয়ে আসেন ফুলছড়ি ঘাটের ব্যবসায়ী লাল মিয়া। তিনি জানান, মাছটি কিনে তিনি এখানে বিক্রির জন্য এনেছেন এবং প্রতি কেজির দাম হাঁকছেন ১২০০ টাকা করে।
এসময় উপস্থিত অনেকে মাছটি কেনার জন্য দামদর করতেও দেখা যায়। কেউ কেউ আবার সামাজিক যোগাযোগমাধ্যমে মাছটির ছবি ও ভিডিও শেয়ার করছেন।
পরে শহিদুল ইসলাম নামে স্থানীয় অবসরপ্রাপ্ত এক সেনাসদস্য ৫২ হাজার টাকায় মাছটি কিনে নিয়ে ৫২ জনে ভাগ করে নেন।
স্থানীয়দের মতে, এমন বিশাল আইড় মাছ দেখা কেবল রূপকথার গল্পেই শোনা যায়। তবে যমুনা নদীতে মাঝে মাঝে বড় আকারের মাছ ধরা পড়ে থাকলেও ৭২ কেজির মাছ খুবই বিরল ঘটনা।




