Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:11 pm
অন্যান্য

‘সাহস থাকলে এখনই দেশে আসুন, বিচার প্রস্তুত’: তথ্য প্রতিমন্ত্রী

‘সাহস থাকলে এখনই দেশে আসুন, বিচার প্রস্তুত’: তথ্য প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, অনলাইনে হুংকার না দিয়ে সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হতে হবে। তিনি বলেন, হত্যাকারীদের বিচারের জন্য দেশে ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে। এ বিচারের জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চান না তারা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের শফি মিয়ার বাজার মোড় এলাকায় জেলা বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisement

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, ‘অনলাইনে হুংকার দিলে হবে না। সাহস ও বুকের পাটা থাকলে এখনই দেশের মাটিতে আসুন। আপনাদের জন্য ফাঁসির মঞ্চ ও বিচার প্রস্তুত আছে।’

বিগত সরকারের দুর্নীতির সমালোচনা করে তিনি বলেন, উন্নয়নের নামে ঢাকা শহরে কয়েকটি ব্রিজ ও ওভারপাস নির্মাণ করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। এখনও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সন্ত্রাস ও নৈরাজ্য রুখে দেওয়া হবে। সংশ্লিষ্টদের আদালতের কাছে সোপর্দ না করা পর্যন্ত রাজপথের কর্মসূচি পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

সমাবেশে জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন, জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়

Advertisement