স্টাফ রিপোর্টার:
জামালপুরের মেলান্দহ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ল্যাপটপ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিও) ফরহাদ হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় সরকারি সম্পদের যথাযথ ব্যবহার ও সংরক্ষণ নিয়ে স্থানীয় শিক্ষা মহলে আলোচনা শুরু হয়েছে।
জানা যায়, উপজেলার খাবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত ল্যাপটপ সরকারি দাপ্তরিক কাজে ব্যবহারের পরিবর্তে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, সরকারি প্রতিষ্ঠানের সম্পদ ব্যবহারে নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না।
স্থানীয়দের দাবি, অভিযোগের সত্যতা যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। একইসঙ্গে সরকারি সম্পদের অপব্যবহার হয়ে থাকলে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
এ বিষয়ে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিও) ফরহাদ হোসেন বলেন, “অফিসের বিভিন্ন কাজের জন্য ল্যাপটপ আনা হয়েছে। সেটি ফেরত দেওয়া হবে।” উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছিল কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে জানানো হয়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী চাকদার বলেন,ল্যাপটপ নিজ কাজে ব্যবহারের নিয়ম রয়েছে। তবে তিনি ল্যাপটপ ব্যবহার করছেন সেটা আপনারা তার সাথে কথা বলার পর জানিয়েছে।




