জাবিপ্রবি প্রতিনিধি:
সামাজিক উদ্যোগের পথে সমালোচনা নতুন কিছু নয়। তবে থেমে না গিয়ে দায়িত্বশীল কাজের মধ্য দিয়েই তার জবাব দেওয়াই প্রকৃত সার্থকতা,এমন দৃষ্টান্ত স্থাপন করেছে ‘সবুজ স্বপ্ন’ সামাজিক সংগঠন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা ও বিতরণ কার্যক্রমে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা। তবে এ কার্যক্রম ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সমালোচনা, ট্যাগ ও বিতর্কের মুখোমুখি হতে হয় তাদের।
তবুও সমালোচনায় নিরুৎসাহিত না হয়ে বরং দায়িত্ববোধ থেকেই তারা পরদিন বুধবার দুপুর ১টায় ইফতার মাহফিলের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।
সংগঠনের সভাপতি আরমান আলিফ বলেন,
“যারা আমাদের কাজের সমালোচনা করেছেন, আমরা তাদের প্রতিপক্ষ মনে করি না। বরং সবাইকে একসাথে সমাজের জন্য কাজ করার আহ্বান জানাই। আমাদের কাজে সীমাবদ্ধতা থাকতে পারে, তবে আমাদের সদস্যরা আন্তরিক ও সংগঠিত। সমালোচনাকে উপেক্ষা করে মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।”
উল্লেখ্য, ‘সবুজ স্বপ্ন’ জাবিপ্রবি শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। সংগঠনটি জামালপুর শহরে প্রায় ১৭০ জন সুবিধাবঞ্চিত শিশুর জন্য বিনামূল্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান,স্টেশনের গৃহহীন মানুষের মাঝে মশারী বিতরণসহ বিভিন্ন মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম নিয়মিতভাবে বাস্তবায়ন করে আসছে।




