Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:27 am
অন্যান্য

বোরকা-দাড়ি দেখে সন্দেহ হলেই ধরে ফেলবেন’—বিএনপি প্রার্থীর বক্তব্য ঘিরে বিতর্ক

বোরকা-দাড়ি দেখে সন্দেহ হলেই ধরে ফেলবেন’—বিএনপি প্রার্থীর বক্তব্য ঘিরে বিতর্ক

মুক্তকাল ডেক্স:
কুমিল্লা-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জসীম উদ্দীনের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। প্রায় এক মিনিট ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে ভোটকেন্দ্র সংশ্লিষ্ট কিছু নির্দেশনা দিতে দেখা যায়।
শুক্রবার বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভোটগ্রহণের শুরু ও শেষ—উভয় সময়েই ব্যালট বাক্স পরীক্ষা করতে হবে। এ সময় তিনি বলেন, ‘যদি বোরকা বা দাড়ি দেখে সন্দেহ হয়, সেখানেই ধরে ফেলবেন।’ তার এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
ভাইরাল ভিডিওতে জসীম উদ্দীন আরও বলেন, নির্বাচনে নতুন করে ষড়যন্ত্রের চেষ্টা হতে পারে উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। তিনি জানান, ১২ তারিখে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার ১৪২টি ভোটকেন্দ্রে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত থাকবে এবং কেউ যেন কোনো অনিয়মের চেষ্টা না করে, সে বিষয়ে তিনি কঠোর বার্তা দেন।
একই বক্তব্যে তিনি বলেন, ‘একটা একটা করে মানুষ ভোট দিলে জনগণের জনপ্রিয়তা নিয়েই এমপি হতে চাই।’ দল-মত নির্বিশেষে ভোট প্রার্থনা করে তিনি নিজের জন্য, তার মায়ের জন্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন।
উল্লেখ্য, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন জসীম উদ্দীন। এই আসনে তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী সাবেক ছাত্রশিবির সভাপতি অ্যাডভোকেট মোবারক হোসেন এবং এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার জুবায়ের আহমেদ।

Advertisement
Advertisement