মুক্তকাল ডেক্স:
তরুণ প্রজন্মের ভোটারদের সঙ্গে সরাসরি সংলাপ এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কনটেন্ট জেনারেশন টিমের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইন্টারেক্টিভ যুব সম্পৃক্ততা অনুষ্ঠান ‘চায়ের আড্ডা’।
সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মহাখালী ডিওএইচএস খেলার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের কন্যা, ব্যারিস্টার জাইমা রহমান।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণ ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে জাইমা রহমান তাদের রাজনৈতিক সচেতনতা, ভোটাধিকার বিষয়ে ভাবনা, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক অংশগ্রহণ এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে প্রত্যাশার কথা শোনেন। খোলামেলা পরিবেশে তরুণরা নিজেদের মতামত, প্রশ্ন ও প্রস্তাব তুলে ধরেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় রাজনৈতিক কণ্ঠস্বরের সঙ্গে তরুণ ভোটারদের মধ্যে একটি অর্থবহ ও গঠনমূলক সংলাপ গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের যুব সম্পৃক্ততা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন।
তরুণ ভোটারদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’




