Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:57 pm
অন্যান্য

আমরা দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: জামায়াত আমির

আমরা দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: জামায়াত আমির

মুক্তকাল ডেক্স:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “এক সাগর রক্তের বিনিময়ে জুলাই এসেছে বলেই আজ আমরা কথা বলার সুযোগ পেয়েছি। তাই আমরা নিজেরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতেও দেব না। চাঁদাবাজি করব না এবং কাউকেও করতে দেব না।”
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে জেলা ১০ দলীয় ঐক্যের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচনি প্রচারের দ্বিতীয় দিনে ঢাকা থেকে পঞ্চগড় সফর শেষে দিনাজপুরের জনসভায় যোগ দেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা জনগণকে সঙ্গে নিয়ে একটি জনবান্ধব ও মানবিক বাংলাদেশ গড়তে চাই। এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ধর্মে ধর্মে কোনো সংঘাত থাকবে না। দেশের টাকা লুট করে ‘বেগমপাড়া’ গড়ে তোলার সংস্কৃতি বন্ধ করা হবে। যারা দেশের টাকা পাচার করেছে, তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে।”
তিনি বলেন, দিনাজপুর দেশের মোট খাদ্য উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ যোগান দেয়। তাই এ অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে। আলু ও লিচু সংরক্ষণের জন্য আধুনিক সংরক্ষণাগার স্থাপন করা হবে এবং দিনাজপুরকে সিটি করপোরেশনে রূপান্তর করা হবে।
স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, প্রতিটি জেলায় মেডিকেল কলেজ স্থাপন করা হবে এবং মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। একই সঙ্গে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
নারীদের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “নারীরা মায়ের জাতি। তাদের জন্য ঘর ও কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে টাকা দিয়ে বিচার কেনা যাবে না, অস্ত্রের ঝনঝনানি থাকবে না, মানুষ নিরাপদে চলাচল করতে পারবে।”
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে।
দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হকের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, এনসিপির মুখ্য সমন্বয়ক ও দিনাজপুর-৫ আসনের ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী ডা. আব্দুল আহাদসহ বিভিন্ন আসনের জামায়াত ও জোটপ্রার্থীরা।
জনসভায় দিনাজপুর জেলার ১৩টি উপজেলা থেকে আগত ১০ দলীয় ঐক্যের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement